বাগেরহাটে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, পুলিশসহ আহত ২৫

বাগেরহাট, ১৯ ফেব্রুয়ারি – বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পান্না মোল্লা (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে ৬ পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মোল্লারকুল এলাকার লায়েক কাজী ও শাহজাহান খাকি’র সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
নিহত পান্না মোল্লা মোল্লাহাট উপজেলার মোল্লার কুল এলাকার মৃত তৈয়ব মোল্লার ছেলে। আহত পুলিশ সদস্যরা হলেন- মোল্লাহাট থানার উপ-পরিদর্শক মাজাহার, বিধান, মামুন এবং পুলিশ কনস্টেবল গোপাল, হাফিজুর ও সঞ্জয়।
বিষয়টি নিশ্চিত করে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লায়েক কাজী ও শাহজাহান খাকি’র সমর্থকরা আজ সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষের লোকজন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। অতর্কিত হামলায় আমাদের ৬ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে পান্না মোল্লা নামের এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।
তিনি বলেন, এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১৯ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে। এর আগেও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছিলেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৯ ফেব্রুয়ারি ২০২৪









