লালমনিরহাট

দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল মা-ছেলের

লালমনিরহাট, ২৫ ডিসেম্বর – বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনায় চাপারতল এলাকায় বুড়িমারী-লালমনিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মা রিনা বেগম (২৬) কাকিনা ইউনিয়নের মৈশামুড়ি এলাকার মনির হোসেন বাবুর স্ত্রী। ছেলে রায়হান হাসান (২) তাদের একমাত্র সন্তান।

স্থানীয়রা জানান, জেলার হাতিবান্ধায় একটি বিয়ের দাওয়াত খেয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন বাবা মনির হোসেন বাবু, মা রিনা বেগম ও ছেলে রায়হান হাসান। মোটরসাইকেলটি কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল এলাকায় পৌঁছালে পাথর বোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ চালক বাবা মনির হোসেন বাবু সড়কের পাশে ছিটকে পড়ে। আর মা রিনা ছেলেসহ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক আল-আমিন হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থলে স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৫ ডিসেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language