ঝিনাইদহ

স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতাকে গুলি করে হত্যা

ঝিনাইদহ, ২৩ নভেম্বর – ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুজ্জামান শামীমকে (৪৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরতলির শুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শামীম ওই এলাকার গোলাম রসুলের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি ও পৌর কমিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানিয়েছেন, রাতে এলাকার মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে আসেন শামীম। পরে রাতের খাবার পেয়ে বাইরে বের হন। এরপর আর তার খোঁজ মেলেনি। রাত সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে খালের সাঁকোর নিচে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কামরুজ্জামান শামীমের ছেলে মাহিন জানান, এশার নামাজ পড়ে তার বাবা বাসায় আসার পর মোবাইলে ফোন দিয়ে তাকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাসায় ফেরেননি।

হরিণাকুণ্ডু পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন বলেন, শামীমকে কে বা কারা ধরে নিয়ে গেছে লোকজনের মুখে এমন খবর শুনে তাকে খুঁজতে বের হই। পরে বাড়ির সামনে খালের ওপর একটি সাঁকোর নিচ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের চিকিৎসক আল-আমীন জানান, নিহতের বুকের বাঁপাশে গুলির চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে- অন্তত দুই ঘণ্টা আগে তাকে গুলি করা হয়েছে। ফলে প্রচুর রক্তক্ষরণে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জানতে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

সূত্র: সমকাল
আইএ/ ২৩ নভেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language