সাভারে বাসচাপায় নারী পুলিশ সদস্য নিহত

ঢাকা, ২৩ নভেম্বর – ঢাকার সাভারের হেমায়েতপুরে যাত্রীবাহী বাসচাপায় আফসানা আক্তার (২২) নামে এক নারী পুলিশ সদস্য নিহত হয়েছেন।
এ ঘটনায় নিহত নারী পুলিশ সদস্যের স্বামী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফসানা আক্তার মিরপুর ১৪ এলাকার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-১১) সদস্য। তবে তার বিস্তারিত পরিচয় ও স্বামীর নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ জানায়, রাজধানীর উত্তরা থেকে ডিউটি শেষ করে স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে বোনের বাসা হেমায়েতপুরের উদ্দেশে রওনা দেন পুলিশ সদস্য আফসানা আক্তার (২২)। হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সেলফি পরিবহনের একটি দ্রুত গতির বাস পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ওই পুলিশ সদস্য ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে বাসটি আটক করে পুলিশ। তবে বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যান।
সাভার হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ আবুল হাসান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বাসটিকে জব্দ করা হয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৩ নভেম্বর ২০২৩







