বলিউড

৬৫ বছর বয়সে জেল খাটতে হবে দলীপ তাহিলকে, কী অপরাধ ‘বাজিগর’ খ্যাত এই অভিনেতার?

মুম্বাই, ২২ অক্টোবর – বলিউডের খ্যাতনামা অভিনেতা দলীপ তাহিল। বেশ জনপ্রিয় মুখ তিনি। বহু বিখ্যাত সিনেমাতে কাজ করছেন এই তারকা। মূলত খল চরিত্রেই বেশি দেখা গিয়েছে তাকে। এ বার তারই সাজা ঘোষণা করলেন বিচারপতি। দু’মাসের জন্য জেল খাটতে হবে অভিনেতাকে।

কিন্তু কী তার অপরাধ?

ঘটনাটা ঘটে প্রায় পাঁচ বছর আগে ২০১৮ সালে। মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা। সেই সময় তার গাড়ি ধাক্কা মারে এক অটোচালককে। পরে ওই অটোযাত্রীদেরই কটূক্তি এবং গালাগালি করেন অভিনেতা। ঘটনাটি ঘটে মুম্বাইয়ের খার এলাকায়। সে দিনের ওই ঘটনায় অটোতে উপস্থিত দুই যাত্রী আহতও হন। অটো থেকে নেমে এসে তারা গাড়ির চালককে বেরিয়ে আসতে বলেন। গাড়ি থেকে ড্রাইভার বেরোতেই তারা বুঝতে পারেন গাড়িটি চালাচ্ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা দলীপ তাহিল। এই সময় দলীপ তাদের গালাগালি করার পাশাপাশি ধাক্কাও দেন বলে অভিযোগ রয়েছে। তার পর পুলিশে অভিযোগ জানান ওই দুই যাত্রী। এই ঘটনার অবশেষে রায় দিলেন বিচারক। দু’মাসের সাধারণ জেল হেফাজতের শাস্তি দেওয়া হয়েছে অভিনেতাকে।

পাঁচ বছর আগের ওই ঘটনার এ রায় প্রসঙ্গে অভিনেতার কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

আইএ/ ২২ অক্টোবর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language