জাতীয়

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিস্ফোরক বক্তব্য

চাঁদপুর, ৫ জুন – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়ে জিয়াউর রহমানকে হারিয়েছে এবং বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই বিএনপি আবারও একই শক্তির ফাঁদে পড়েছে বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তারেক রহমানকে উদ্দেশ্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, এই অশুভ শক্তিই জিয়াউর রহমান এবং বিএনপি ও জামায়াতে ইসলামীর অসংখ্য নেতাকর্মীর মৃত্যুর জন্য দায়ী।

তিনি সাংবাদিক দম্পতি সাগর রুনী হত্যা, শাপলা চত্বরের ঘটনা এবং পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গও তার বক্তব্যে তুলে ধরেন।

এর আগে ইমাম ময়দান নুরিয়া মাদরাসায় জুমার নামাজ শেষে কেন্দ্রীয় নেতারা দলীয় কর্মীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।

অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সারজিস আলম, সাংগঠনিক সম্পাদক মু আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম এবং মতলব উত্তর উপজেলার আহ্বায়ক আরিফা তুহিন।

সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

অনুষ্ঠানে পাঁচজন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক নেতাকর্মী এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসান অনুষ্ঠান শুরুর আগে ঘটনাস্থল পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এনএন/ ৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language