জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, ফিল্ড হাসপাতাল পরিদর্শন ও প্রত্যাবাসনে পূর্ণ সমর্থনের ঘোষণা

কক্সবাজার, ৫ জুন – কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

শুক্রবার বিকেলে তিনি উখিয়ার বালুখালী এলাকার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

দুপুর নাগাদ ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে পৌঁছানোর পর বিকেল ৪টার দিকে তিনি বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে তুরস্কের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম সরজমিনে দেখেন এবং সেবা নিতে আসা রোগীদের সাথে কথা বলেন। পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন।

এসব ক্যাম্পে তুরস্কের নির্মিত বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। তার এই সফরকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা এবং উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং র‍্যাব ১৫ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারাও এ সময় তার সাথে ছিলেন।

৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ জানান, পররাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে পরিদর্শন কর্মসূচি শেষ হয়েছে।

বাংলাদেশে দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে এই পরিদর্শনে তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় তুরস্কের অব্যাহত সমর্থনের বিষয়টি আবারও পুনর্ব্যক্ত করেন।

এনএন/ ৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language