জয়পুরহাট

জয়পুরহাটে ট্রেন-বাস সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৩

চম্পক কুমার

জয়পুরহাট, ২৭ ডিসেম্বর- জয়পুরহাটে পুরানাপৈল রেলগেটে বাস ও ট্রেনের দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এক সপ্তাহ পর বাসের ড্রাইভার মামুনুর রশিদ (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন তিনি মারা যান। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১৩ জন। নিহত মামুনুর রশিদ জয়পুরহাট সদর উপজেলার হারাইল গ্রামের আব্দুল মান্নানের ছেলে। রাতেই তাঁর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং রবিবার তাঁর দাফন সম্পন্ন হয়।

তার মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ এ.কে.এম আলমগীর জাহান বলেন, বাসের ড্রাইভার মামুনুর রশিদের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ বিষয়ে সান্তাহার জিআরপি থানা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর পুরানাপৈলে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে হিলিগামী বাঁধন পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনায় ১২ জন নিহত হন।

সূত্র: বিডি২৪লাইভ

আর/০৮:১৪/২৭ ডিসেম্বর

Back to top button
🌐 Read in Your Language