জয়পুরহাট

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেস বিকল: উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

জয়পুরহাট, ২২ আগস্ট – জয়পুরহাটের পুরানাপুল এলাকায় চিলাহাটি থেকে রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের যন্ত্রাংশ ভেঙে বিকল হয়ে পড়েছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রয়েছে। তবে চালক ও পরিচালকের সময়োপযোগী পদক্ষেপের ফলে বড় ধরনের একটি দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন কয়েকশ যাত্রী।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাটের পুরানাপুল রেলগেট এলাকা অতিক্রম করার সময় হঠাৎ একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে নিচে দেবে যায়। এ অবস্থায় ট্রেনটি রেললাইনের ওপর আটকা পড়ে। ঘটনার পরপরই উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ট্রেনের পরিচালক আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত বুঝতে পারায় ট্রেনটি থামিয়ে দেওয়া সম্ভব হয়েছে। এতে যাত্রীরা একটি বড় বিপর্যয় থেকে বেঁচে গেছেন। আকস্মিক এই ত্রুটির ফলে পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামী রুটে চলাচলকারী বিভিন্ন ট্রেন পার্শ্ববর্তী স্টেশনগুলোতে আটকা পড়েছে।

ফলে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। উদ্ধার তৎপরতা সম্পর্কে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পার্বতীপুর ও সান্তাহার জংশন স্টেশন থেকে ইতিমধ্যে রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধার কাজ শেষ করে ক্ষতিগ্রস্ত বগিটি সরিয়ে নেওয়ার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে ঠিক কত সময়ের মধ্যে রেল যোগাযোগ সচল হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এস এম/ ২২ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language