মাথা গোজার ঠাঁই পাচ্ছে সহস্রাধিক অসহায় পরিবার

ফরিদপুর, ২০ ডিসেম্বর- প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ফরিদপুরের সদরপুর উপজেলায় ভূমি ও গৃহহীনদের জন্য ‘স্বপ্ননীড়’ নির্মাণ করা হচ্ছে। এতে উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর ভাগ্য বদলে যাবে। তারা পাবে মাথা গোজার ঠাঁই।
প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১৭৮টি পরিবারের জন্য পুরোদমে সরকারি খাস জমিতে গৃৃহ নির্মাণের কাজ চলছে। অধীর আগ্রহে উপকারভোগীরা সময় পার করছেন কখন তাদের স্বপ্নের গৃহে উঠবে।
‘আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার’ মুজিববর্ষে সদরপুর উপজেলায় গৃহহীন ও ভূমিহীন মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসন উপহার হিসেবে প্রদত্ত খাস জমিতে গৃহ নির্মাণের কাজ করছে সদরপুর উপজেলা প্রশাসন।
শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের হাওলাদার ডাঙ্গী গ্রামে ভূমিহীন ও গৃহহীনদের জন্য পুর্নবাসনে ১শটি ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
আরও পড়ুন : রাজধানীর সব ভাস্কর্য নিরাপদ রাখতে হবে: ডিএমপি কমিশনার
নির্মাণ কাজ পরিদর্শন শেষে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দিনরাত পরিশ্রম করে গৃহ নির্মাণকাজ চলছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে কাজ সম্পূর্ণ করে উপকারভোগীদের বুঝে দেয়া হবে।
সূত্রঃ জাগো নিউজ
আডি/ ২০ ডিসেম্বর









