রংপুর

রংপুরে জামায়াতের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

রংপুর, ২৭ জুন – রংপুরে জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। সোমবার (২৬ জুন) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের দাবি তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং নাশকতা তৈরির চেষ্টার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মহানগরীর ২১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি ওয়ালিউল্লাহ সাকু (৩৫), তার ভাই কর্মী হুমায়ুন রেজা লিটন (৪০) এবং আব্দুল বারেক সরল (২৭)।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজার রহমান জানান, রোববার (২৫ জুন) দিবাগত রাত ২টার দিকে রাষ্ট্রবিরোধী পোস্টার লাগানোর সময় গভীর রাতে গ্রান্ড হোটেল মোড় থেকে ৩ জামায়াত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাদের তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

এদিকে গণমাধ্যমে পাঠানো এক ই-মেইলে বিবৃতি দিয়ে রংপুর মহানগর জামায়াত আমীর এটিএম আজম খান দাবি করেছেন, গ্রেপ্তারকৃতরা জামায়াতের মনোনীত রংপুর-৩ আসনের প্রার্থী অধ্যাপক মাহবুবার রহমান বেলালের ঈদ শুভেচ্ছা পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় তাদের গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে আব্দুল বারেক সরল একজন পোস্টার লাগানো শ্রমিক। বিবৃতিতে গ্রেপ্তারের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৭ জুন ২০২৩


Back to top button
🌐 Read in Your Language