লক্ষীপুর

লক্ষ্মীপুরে জোড়া খুন: ৫ আসামি বিভিন্ন মেয়াদে রিমান্ডে

লক্ষ্মীপুর, ০২ মে – লক্ষ্মীপুরের বশিকপুরে সাবেক যুবলীগ নেতা নোমান- সাবেক ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলায় গ্রেফতারকৃত ৫ আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এরমধ্যে মশিউর রহমান নিশান ও রুবেল দেওয়ানের ৫ দিন এবং মো. সবুজ, আজিজুল ইসলাম বাবলু ও নাজমুল হোসেন নাজিমের ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করা হয়েছে।

মঙ্গলবার (২ মে) বিকেল সোয়া ৫ টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী অঞ্চল চন্দ্রগঞ্জ আদালতের বিচারক আনোয়ারুল কবীর এ আদেশ দেন। এছাড়া এ মামলায় মনির হোসেন রুবেল ও ইসমাইল হোসেন পাটওয়ারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

রিমান্ডপ্রাপ্ত নিশান বশিকপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক, অন্য আসামিরা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মী ও মামলার প্রধান আসামি আবুল কাশেম জিহাদীর অনুসারী বলে জানা গেছে। এরমধ্যে সবুজ ও বাবলুকে এর আগেও ২৮ এপ্রিল ৪ দিনের রিমান্ড দিয়েছিলেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক বেলায়েত হোসেন বলেন, ৫ আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেছি। আদালত ২ জনের ৫ দিন ও ৩ জনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে। এরমধ্যে ২ জনকে দ্বিতীয়বারের মতো রিমান্ডে নেয়া হয়েছে।

প্রসঙ্গত, ২৫ এপ্রিল রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিবকে গুলি করে হত্যা করা হয়। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল নিয়ে যায় দূর্বৃত্তরা। গুলির শব্দ শুনে ঘটনাস্থল গিয়ে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা নোমানকে মৃত ঘোষণা করেন। ছাত্রলীগ নেতা রাকিবকে সংকটাপন্ন অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যান তিনিও। ২৬ এপ্রিল রাত ১ টার দিকে নিহত নোমানের বড় ভাই ও বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে ৩৩ জনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম জিহাদীকে প্রধান করে ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়। মামলার পর থেকে র‌্যাব ও পুলিশ অভিযান চালিয়ে ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০২ মে ২০২৩


Back to top button
🌐 Read in Your Language