রাজশাহী সিটি নির্বাচনে ভোটগ্রহণ ইভিএমে, মনোনয়ন জমা ২৩ মে পর্যন্ত

রাজশাহী, ২৭ এপ্রিল – আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে। আর নির্বাচনকে সামনে রেখে আগামী ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে গণবিজ্ঞপ্তিও জারি করেছেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. দেলোয়ার হোসেন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে- রাজশাহী সিটি নির্বাচন উপলক্ষে আগামী ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়ন যাচাই-বাছাই করা হবে আগামী ২৫ মে। তবে যাচাই-বাছাইয়ের পর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি মনে করেন তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে বাছাইয়ে সুবিচার পাননি, তাহলে কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন। আর রাজশাহীর জন্য বিভাগীয় কমিশনারকে আপিল কর্তৃপক্ষ হিসেবে নিযুক্ত করা হয়েছে। কর্তৃপক্ষের কাছে আপিল দায়েরের শেষ সময় আগামী ২৮ মে। আপিল কর্তৃপক্ষের আপিল নিষ্পত্তির শেষ সময় আগামী ৩১ মে। আগামী ১ জুনের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ভোটগ্রহণ করা হবে আগামী ২১ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন জানান, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র, সংরক্ষিত ১০টি মহিলা ওয়ার্ড কাউন্সিলর এবং ৩০টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনে ইচ্ছুক প্রার্থীরা রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। তবে প্রতীক বরাদ্দের আগের যে সব সম্ভাব্য প্রার্থী পোস্টার, ফেস্টুন, ব্যানারসহ অন্যান্য প্রচার সামগ্রী পাবলিক প্লেসে সাঁটিয়েছেন তা নিজ খরচেই সরিয়ে নিতে বলা হয়েছে। এক সপ্তাহের মধ্যে তারা নির্বাচনী প্রচার সামগ্রী সরাবেন।
সূত্র: আমাদের সময়
আইএ/ ২৭ এপ্রিল ২০২৩









