গাজীপুর

মায়ের কোল থেকে শিশু ছিনতাই

শ্রীপুর, ০৬ মার্চ – গাজীপুরের শ্রীপুর উপজেলায় মায়ের কোল থেকে তায়েবা নামে এক শিশুকে (১৮ মাস) অপহরণের অভিযোগ উঠেছে।

সোমবার (৬ মার্চ) শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৫ মার্চ) রাতে এ ঘটনায় শিশুটির মামা মোস্তফা মিয়া শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী মা ফারজানা আক্তার (২৬) সুনামগঞ্জের দোয়ারাবাজার সুরিগাঁও গ্রামের বাসিন্দা। দুই শিশু সন্তানকে নিয়ে শ্রীপুরের দক্ষিণ ধনুয়া গ্রামের জুলেখার বাড়িতে ভাড়া থেকে একটি কারখানার কাজ করতেন। সন্তানের মধ্যে বড় মেয়ে বর্ষার বয়স সাত বছর আর ছোট তায়েবার বয়স ১৮ মাস।

ভুক্তভোগী ফারজানা আক্তার জানান, গত বৃহস্পতিবার বিকেলে কারখানা ছুটির পর বাসায় চলে আসি। পরে একই দিন সন্ধ্যায় তায়েবাকে কোলে নিয়ে স্থানীয় নয়নপুরে বাজারে যাচ্ছিলাম। পথে এক যুবক তায়েবাকে মামা বলে ডাক দেন। এ সময় যুবকটি তায়েবাকে কোলে নিয়ে আদর করতে থাকেন। পরে হঠাৎ করে অচেতন হয়ে পড়লে তায়েবাকে নিয়ে পালিয়ে যায় ওই যুবক।

তিনি আরও জানান, কৌশলে ওই যুবক অচেতন হওয়ার ওষুধ প্রয়োগ করে। পরে স্থানীয়রা আমাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।

উপপরিদর্শক (এসআই) মো. আবু রায়হান জানান, রোববার রাতে এ ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মা। এ ঘটনায় আশপাশের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। শিশুটিকে উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত আছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৬ মার্চ ২০২৩


Back to top button
🌐 Read in Your Language