উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে চার বাংলাদেশির জয়

ওয়াশিংটন, ৯ নভেম্বর – যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে চার বাংলাদেশি প্রার্থী বিজয়ী হয়েছেন। এরা হলেন- জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান ও নাবিলা ইসলাম, কানেক্টিকাট স্টেট সিনেটর মো. রহমান এবং নিউ হ্যাম্পশায়ার হাউস অব রিপ্রেজেনটেটিভিস আবুল খান।

গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভোট দেন বাংলাদেশি আমেরিকান নাগরিকরা। নিউইয়র্কসহ বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন স্টেটের ভোট কেন্দ্রগুলোতে অন্য ভাষার সঙ্গে বাংলাতে নির্দেশনা দেওয়া হয়। নিউইয়র্কে ব্যালট পেপারও ছিল বাংলায়।

মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ৩৫টি ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবকটিতে ভোট হয়। এছাড়া ৩৬টি স্টেটে গভর্নর পদ ও সবকটি অঙ্গরাজ্যের আইন সভায় নির্বাচন হয়।

এবারের নির্বাচনে জর্জিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান। জর্জিয়া স্টেট সিনেটে প্রথমবারের মতো নির্বাচন করে জয়ী হন নাবিলা ইসলাম। এছাড়া কানেকটিকাট স্টেট সিনেটে বিজয়ী হন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত মো. রহমান। তারা সবাই ডেমোক্র্যাটিক পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। নিউ হ্যাম্পশায়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভস পদে টানা পঞ্চমবারের মতো বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত আবুল খান।

মধ্যবর্তী নির্বাচনে চারজনের বিজয়ে উল্লসিত যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। নিউইয়র্কের মূলধারার তরুণ রাজনীতিক আহনাফ আলম ও জর্জিয়ার তানজিনা ইসলাম চার বাংলাদেশি আমেরিকানের বিজয়ে তাদের অভিনন্দন জানিয়েছেন।

সূত্র: আমাদের সময়
আইএ/ ৯ নভেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language