সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশ

ঢাকা, ৫ মে – ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০ নম্বর সদস্য হিসেবে নুসরাত তাবাসসুমের নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘ আইনি জটিলতা শেষে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এই প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে আদালতের নির্দেশনায় নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের পর সোমবার তাকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়েছিল। সংশ্লিষ্ট আসনটি নিয়ে নাটকীয়তা ও আইনি লড়াই শেষে আজ কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক গেজেট জারি করা হলো।
ঘটনার বিবরণে জানা যায়, সরকারি চাকরি থেকে পদত্যাগের পর তিন বছর পার না হওয়ায় জোটের অপর প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। পরবর্তীতে শূন্য আসনে নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে মনোনয়নপত্র জমা দিতে গেলে শুরুতে তা গ্রহণে অস্বীকৃতি জানানো হয়। এরপর উচ্চ আদালতের শরণাপন্ন হন নুসরাত। আদালত তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিলে ইসি তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে।
অন্যদিকে নিজের প্রার্থিতা ফিরে পেতে মনিরা শারমিন পুনরায় রিট আবেদন করলেও আইনি জটিলতায় তা পিছিয়ে যায়। আদালতের পক্ষ থেকে কোনো স্থগিতাদেশ না থাকায় কমিশন নুসরাত তাবাসসুমকে বৈধ প্রতিনিধি হিসেবে নির্বাচিত ঘোষণা করার সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদে আসন সংখ্যার ভিত্তিতে বিএনপি জোট ৩৬টি, স্বতন্ত্র জোট ১টি এবং জামায়াত জোট ১৩টি আসন পেয়েছে। বাকি ৪৯ জন সদস্য আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করেছেন।
নুসরাত তাবাসসুমের এই গেজেট প্রকাশের মাধ্যমে সংরক্ষিত নারী আসনের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত হলো।
এনএন/ ৫ মে ২০২৬









