সৌদিতে পৌঁছেছেন ৪৬ হাজারের বেশি হজযাত্রী, ৯ জনের মৃত্যু

ঢাকা, ৫ মে – পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১১৮টি ফ্লাইটে মোট ৪৬ হাজার ৫১৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদিতে পৌঁছানো যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪২ হাজার ৪৪৩ জন।
আজ মঙ্গলবার সকালে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭ জন মক্কায় এবং ২ জন মদিনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতদের মধ্যে একজন নারী হজযাত্রীও রয়েছেন বলে বুলেটিনে জানানো হয়েছে।
যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৪টি ফ্লাইটে ২১ হাজার ৯১০ জন, সৌদি এয়ারলাইন্সের ৪৩টি ফ্লাইটে ১৬ হাজার ১১০ জন এবং ফ্লাইনাসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৪৯৪ জন যাত্রী সৌদি আরবে গেছেন।
এ বছর বাংলাদেশ থেকে সর্বমোট ৭৮ হাজার ৫০০ জনের হজ পালনের অনুমতি রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজে অংশ নিচ্ছেন। সারাদেশে মোট ৬৬০টি হজ এজেন্সি এই কার্যক্রম পরিচালনা করছে। গত ১৭ এপ্রিল রাতে ৪১৯ জন যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে যাত্রা করেছিল।
চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং শেষ ফ্লাইটটি ৩০ জুন ঢাকায় পৌঁছাবে বলে হজ অফিস সূত্রে জানা গেছে।
এনএন/ ৫ মে ২০২৬









