জাতীয়

অনলাইন আর্থিক প্রতারণা রোধে বাংলাদেশ ব্যাংকের জরুরি সতর্কতা

ঢাকা, ৫ মে – অনলাইন আর্থিক লেনদেনে নিরাপত্তা নিশ্চিতে এবং গ্রাহকদের প্রতারণা থেকে দূরে রাখতে নতুন সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সম্প্রতি কিছু অসাধু চক্র মোবাইল অ্যাপ ও অনলাইন ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের অর্থ হাতিয়ে নিচ্ছে। এ ধরনের হ্যাকিং ও জালিয়াতি রোধে বেশ কিছু জরুরি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল ব্যাংকিংয়ের পিন, পাসওয়ার্ড অথবা ওটিপি কোনো অবস্থাতেই অন্যের সঙ্গে শেয়ার করা যাবে না। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে প্রচারিত প্রলোভনমূলক অফার, সন্দেহজনক লিংক বা অজানা উৎস থেকে অ্যাপ ইনস্টল করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বিশেষ করে বিশ্ব ব্যাংক, আইএমএফ বা এশীয় উন্নয়ন ব্যাংকের নাম ব্যবহার করে লাইসেন্সবিহীন যেসব বিনিয়োগ ও ঋণের অফার দেওয়া হয়, সেগুলোতে পা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কোনো লটারি বা পুরস্কার জেতার প্রলোভন পেলে তা যাচাই না করে লেনদেন না করতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ। আর্থিক সেবা সংক্রান্ত যেকোনো অভিযোগ বা সাহায্যের প্রয়োজন হলে গ্রাহকদের কেন্দ্রীয় ব্যাংকের হেল্পলাইন নম্বর ১৬২৩৬ এ যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

এস এম/ ৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language