বিমানবন্দরগামী যাত্রীদের বাড়তি সময় নিয়ে বের হওয়ার অনুরোধ
ঢাকা, ১০ আগস্ট – হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরগামী যাত্রীদের হাতে অতিরিক্ত সময় নিয়ে যাত্রা শুরু করার অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ট্রাফিক উত্তরা বিভাগ থেকে জানানো হয়, বিমানবন্দর এলাকায় চলমান বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজের জন্য বর্তমানে তিন লেনে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
এতে সড়কে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে খিলক্ষেত হয়ে উত্তরা ও গাজীপুরগামী যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে ওই সড়কে চলাচল করার জন্য অনুরোধ করা হয়। বিশেষ করে বিমানবন্দরগামী যাত্রীদের নির্দিষ্ট সময়েরও অতিরিক্ত সময় হাতে নিয়ে যাত্রা শুরু করার জন্য অনুরোধ করা হয়েছে।
সেইসঙ্গে বিমানবন্দরগামী যাত্রীদের লা মেরিডিয়ান হোটেল ও কাওলা অতিক্রম করার পর অবশ্যই বাম লেন ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
ট্রাফিক উত্তরা বিভাগের ডিসি মো. সাইফুল হক জানান, সড়কের পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দরগামী যাত্রীদের ভোগান্তি বিবেচনায় সতর্কতা ও সময় হাতে নিয়ে আসার অনুরোধ করা হচ্ছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১০ আগস্ট ২০২২









