৩০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করল দেশের রিজার্ভ

ঢাকা, ১৬ এপ্রিল – প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তির খবর মিলেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ বিপিএম ৬ হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভ দীর্ঘদিন পর ৩০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।
গত ১৬ এপ্রিল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বিপিএম ৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলারে। একই সময়ে মোট বা গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ০৩ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রিজার্ভের এই ঊর্ধ্বমুখী চিত্র নিশ্চিত করেছেন।
এর আগে ১৫ এপ্রিল পর্যন্ত আইএমএফের পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩০ দশমিক ২০ বিলিয়ন ডলার এবং মোট রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলার।
রিজার্ভ বৃদ্ধির প্রধান কারণ হিসেবে রেমিট্যান্সের ইতিবাচক প্রবাহকে চিহ্নিত করা হচ্ছে। চলতি এপ্রিল মাসের প্রথম ১৫ দিনে দেশে ১ দশমিক ৭৮৮ বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছে যা গত বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৫ শতাংশ বেশি।চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯৯৬ বিলিয়ন ডলার।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে হুন্ডি প্রতিরোধে কড়াকড়ি এবং বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে সরকারের পক্ষ থেকে দেওয়া নানা প্রণোদনা রেমিট্যান্স বৃদ্ধিতে সহায়ক হয়েছে। এছাড়া রমজান ও ঈদকে কেন্দ্র করে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ বেড়েছে।
তবে অর্থনীতিবিদরা বলছেন রিজার্ভের এই মাইলফলক ইতিবাচক হলেও আমদানি ব্যয় এবং বৈদেশিক ঋণ পরিশোধের চাপ মোকাবিলায় রপ্তানি আয় বৃদ্ধির কোনো বিকল্প নেই।
এনএন/ ১৬ এপ্রিল ২০২৬









