জাতীয়

সংরক্ষিত নারী আসন: জামায়াত জোটের ১৩ ও বিএনপির ৩৬২ মনোনয়নপত্র সংগ্রহ

ঢাকা, ১৬ এপ্রিল – ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে নিজেদের অনুকূলে বরাদ্দ পাওয়া ১৩টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন মাসুরা জোট।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন থেকে জোটটির নেতারা এসব মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বৃহস্পতিবার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্মসচিব মঈন উদ্দীন খান। তিনি জানান যে বুধবার জামায়াত জোটের পক্ষ থেকে নেতারা ১৩টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদিকে সংরক্ষিত আসনের বিপরীতে প্রধান বিরোধী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। ইসির তথ্য অনুযায়ী দলটির মনোনয়ন প্রত্যাশী ৩৬২ জন নারী এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গত ১৪ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত তিন দিনেই বিএনপির ৯৪ জন নারী প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। মনোনয়নপত্র সংগ্রহকারী উল্লেখযোগ্য কয়েকজনের মধ্যে রয়েছেন বেগম সেলিমা রহমান, কণ্ঠশিল্পী বেবী নাজনীন, সিমীন এম আখতার, রুখসানা পারভীন, ড. লুসি খান এবং নাদিয়া পাঠান পাপন।

গত ৮ এপ্রিল ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২১ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। এরপর বাছাই কার্যক্রম ২২ ও ২৩ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। আগামী ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এনএন/ ১৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language