নাটোর

নতুন দেশে মানব সম্পদ পাঠানোসহ রপ্তানির পরিধি বাড়ানো হচ্ছে

নাটোর, ১৪ নভেম্বর- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমিন বলেছেন, বিনিয়োগ বাড়াতে নতুন নতুন দেশে মানব সম্পদ পাঠানোসহ বাংলাদেশের পণ্য রপ্তানির পরিধি বাড়ানোর কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার দুপুরে নাটোর সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেছেন।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল, পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন ও উপসচিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারত পাকিস্তান উত্তেজনা প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রী বলেন, বাংলাদেশ সবসময় প্রতিবেশী রাষ্ট্রসহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার নীতি অনুসরণ করে। যুদ্ধ নয়, সীমান্ত হত্যা, পানি সমস্যাসহ অনেক অমীমাংসিত বিষয় বাংলাদেশ ডায়ালগের মাধ্যমে সমাধান করেছে। নরেন্দ্র মোদি-শেখ হাসিনা যেভাবে সমস্যার সমাধান করেছে অন্য কোথাও তার নজির পাওয়া যাবে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে দেশের বিভিন্ন জেলা পরিদর্শনের অংশ হিসাবে সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমিন ও তার স্ত্রীসহ মন্ত্রণালয়ের ৪৮ কর্মকর্তা ও কর্মচারীর একটি প্রতিনিধিদল নাটোর সফরে আসেন। তারা উত্তরা গণভবন ও নাটোর রাজবাড়ি পরিদর্শন করেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল

আর/০৮:১৪/১৪ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language