কক্সবাজার

সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আলী আর নেই

কক্সবাজার, ১৩ নভেম্বর- কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মুক্তিযোদ্ধা, অধ্যাপক মোহাম্মদ আলী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে টেকনাফের হ্নীলাস্থ বাড়িতে গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতালে নেয়া হয়। তবে, কর্তব্যরত চিকিৎসকদের মতে, হাসপাতালে ভর্তির আগেই মারা যান মোহাম্মদ আলী।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মোহাম্মদ আলীর মেজ ছেলে রাশেদ মাহমুদ আলী।

তিনি জানান, মরহুম অধ্যাপক মোহাম্মদ আলীর নামাজে জানাজা আজ বিকেল সাড়ে চারটায় হ্নীলার দরগাহ সিএন্ডবি মাঠে অনুষ্ঠিত হবে।

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আলী ১৯৯৬-২০০১ সালে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত দলের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন অধ্যাপক মোহাম্মদ আলী। তিনি ৩ ছেলে ও ১মেয়ে সন্তানের জনক।

সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, কক্সবাজারের চারটি আসনের সংসদ সদস্য বৃন্দ, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, জাতীয় পার্টি, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন সহ নানা ব্যক্তি ও প্রতিষ্ঠান।

সূত্রঃ বাংলাদেশ জার্নাল
আডি/ ১৩ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language