টলিউড

তসলিমার সঙ্গে শ্রীলেখার সাক্ষাৎ, প্রিয় লেখিকাকে দিলেন উপহার

কলকাতা, ৩০ মে – দুই ভুবনের দুই বাসিন্দা তসলিমা নাসরিন ও শ্রীলেখা মিত্র। কিন্তু দু’জনই স্পষ্ট কথা বলতে ভালোবাসেন। ভালোবাসেন নিজের শর্তে বাঁচতে। সম্প্রতি ভারতের দিল্লিতে এক অনুষ্ঠানে দেখা হয়ে গেল দু’জনের। প্রিয় লেখিকার সঙ্গে সাক্ষাতের সেই ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন শ্রীলেখা।

জানা যায়, দিল্লিতে ‘লে রিদম’ নামের সংস্থার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন শ্রীলেখা। সেই অনুষ্ঠানেই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তসলিমা নাসরিন। সেখানেই দেখা হয়ে যায় দু’জনের।

শ্রীলেখা জানান, তসলিমার সঙ্গে খুব বেশি কথা হয়নি তার। তবে তসলিমা তার পছন্দের মানুষদের একজন বলেই জানান শ্রীলেখা।

তিনি আরও জানান, অনেক আগেই তসলিমার লেখা ‘লজ্জা’, ‘আমার মেয়েবেলা’ পড়েছিলেন তিনি। তসলিমার এই লেখা তাকে মুগ্ধ করেছিল। প্রিয় লেখিকাকে একটি শাড়ি উপহার হিসেবে দিচ্ছেন বলেও জানান শ্রীলেখা।

‘লে রিদম’ নামের এই সংস্থা দুস্থ, অসহায় মহিলাদের জন্য নানা কাজ করে থাকে। সংস্থার পক্ষ থেকেই এমন মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হবে।

এই উদ্যোগে শামিল হয়েছেন শ্রীলেখা মিত্র। মহিলাদের পড়াশোনা, নাচ-গানের পাশাপাশি অভিনয়ও শেখাবেন তিনি। যাতে তারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারেন।

এম ইউ/৩০ মে ২০২২


Back to top button
🌐 Read in Your Language