টলিউড

গোপন খবর ফাঁস, অতঃপর ট্রফি জিতলেন যশ-নুসরাত

কলকাতা, ২৬ এপ্রিল – ভারতীয় বাংলা সিনেমার আলোচিত দম্পতি যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। প্রেম-বিয়ে-সন্তান নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন এই যুগল। তারপরও ব্যক্তিগত বিষয় নিয়ে তেমন একটা মুখ খুলতে দেখা যায়নি তাদের। বরং এসব আলোচনাকে পাশে রেখে জীবন উপভোগ করেন যশ-নুসরাত।

এবার নিজেদের কিছু গোপন খবর প্রকাশ করে এই দম্পতি জিতে নিলেন ট্রফি। সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি সঞ্চালিত ‘দাদাগিরি’ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন যশ-নুসরাত। এ সময় যশ জানান, ‘এসওএস কলকাতা’ সিনেমায় কাজ করতে গিয়ে পরস্পরের প্রেমে পড়েন তারা। প্রথম দেখাতে নুসরাতকে কী উপহার দিয়েছিলেন যশ? সৌরভের এই প্রশ্নের উত্তরে যশ বলেন, ‘ও আমার কাছ থেকে প্রোটিন পাউডার চেয়েছিল।’

এসব কথা শুনে হেসে খুন সৌরভ গাঙ্গুলি; পাশাপাশি বাকি দম্পতিদেরও হাসি থামছিল না। ‘ফিটনেস ফ্রিক’ নুসরাতের পক্ষে এমন উপহার চাওয়া সম্ভব! যদিও যশ বলেন, ‘তবে আমি ওর জন্য বিরিয়ানি নিয়ে যেতাম।’

এদিন যশ-নুসরাত ছাড়াও আরো তিনটি জুটি হাজির হয়েছিলেন ‘দাদাগিরি’ অনুষ্ঠানের মঞ্চে। এ তালিকায় ছিলেন মিউজিক্যাল জুটি লোপামুদ্রা মিত্র-জয় সরকার, বাবুল সুপ্রিয়-রচনা এবং ওম সাহানি ও মিমি দত্ত। তবে সব রাউন্ডে দারুণ পারফর্ম করেন যশ-নুসরাত। আর দাদাগিরির ট্রফি জিতে নেন এই জুটি।

এম এস, ২৬ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language