দক্ষিণ এশিয়া

এবার ‘কাঁচাবাদাম’ গানে পুলিশের নাচ ভাইরাল (ভিডিও)

তিরুবনন্তপুরম, ২৪ মার্চ – ‘বাদাম বাদাম দাদা, কাঁচাবাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম…’ এমনই কথায় ভুবন বাদ্যকরের গাওয়া গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় সেলিব্রেটি বনে গেছেন তিনি। বাদামকাকুর এই গানে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও রিল ভিডিও বানিয়ে অন্তর্জালে ছড়িয়ে দিয়েছেন। এবার ‘কাঁচাবাদাম’ গানের সিগনেচার স্টেপ করে ভাইরাল কেরালা পুলিশের কিছু সদস্য।

ভিডিওতে দেখা যায়, খাকি পোশাকে কাঁচাবাদাম গানে নাচছেন পাঁচ পুলিশ সদস্য। তাদের মধ্যে দুইপাশে দুজন করে মোট চারজন পুরুষ পুলিশ সদস্য এবং মাঝখানে একজন নারী সদস্য গানের সঙ্গে কোমর দোলানোর চেষ্টা করছেন। শেষের দিকে সবাই হাসিতে লুটিয়ে পড়েন। তাদের সেই ভিডিওটি মুহূর্তেই অন্তর্জালে ভাইরাল হয়েছে।

‘কাঁচাবাদাম’ গানে তারকাখ্যাতি পেয়ে গাড়ি কিনেছিলেন ভুবন বাদ্যকর। তবে নিজের কেনা সেই সেকেন্ড হ্যান্ড গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। বুকে ও মুখে আঘাত পান বাদামকাকু। এই দুর্ঘটনা নিয়েও তিনি ‘আমার নতুন গাড়ি’ শিরোনামের নতুন গান লিখেন।

প্রসঙ্গত, ভুবন বাদ্যকর বাদাম বিক্রি করতেন। ভাজা বাদাম নয়, কাঁচাবাদাম। ভাজা বাদামের অপকারিতা আর কাঁচা বাদামের উপকারিতা নিয়ে একটি গান বেঁধেছেন তিনি। এই গানের কথা যুক্ত হয়েছে টাকা ছাড়াও যার বিনিময়ে বাদাম বিক্রি করেন, যেমন ভাঙা মোবাইল, সিটি গোল্ডের পুরোনো জিনিস, মাথার চুল ইত্যাদি। গানের কথায় এসব বিষয় আর অদ্ভুত সুর তরুণরা ইন্টারনেটে পাওয়া মাত্রই লুফে নেয়।

সূত্র : আরটিভি
এম এস, ২৪ মার্চ


Back to top button
🌐 Read in Your Language