ক্রিকেট

বিদেশি কারা আসছেন ঢাকা লিগে?

ঢাকা, ১৪ মার্চ – বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণে এবার মাঠে হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের লড়াই। আগের দুই আসরে ক্লাবগুলোকে বিদেশি ক্রিকেটারকে নেওয়ার অনুমতি দিয়েছিল না আয়োজক সিসিডিএম। এবার একজন করে দেশের বাইরের খেলোয়াড় খেলানোর অনুমতি দিয়েছে তারা। সুযোগটি কাজে লাগিয়েছে প্রায় সবগুলো ক্লাবই।

তবে আবাহনী, মোহামেডান ও শাইনপুকুর বাদে নামিদামি ক্রিকেটার আনছে না ক্লাবগুলো। আবাহনীর হয়ে লিগের প্রথম তিন ম্যাচ খেলবেন আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান। লিগের বর্তমান চ্যাম্পিয়নরা দলে নিয়েছে ভারতের টেস্ট দলের ক্রিকেটার হানুমা বিহারিকেও। তবে তিনি চলমান শ্রীলঙ্কার সিরিজ শেষ হওয়ার পরই দলে সঙ্গে যোগ দিতে পারবেন।

মোহামেডান এবার বড় বাজেটের দল সাজিয়েছে। সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, তাসকিন, সৌম্যকে নিয়ে চমক দেখিয়েছে। বিদেশি টানতেও কার্পণ্য করেনি ক্লাবটি। পাকিস্তানের ‘প্রফেসর’ মোহাম্মদ হাফিজকে নিয়েছে তারা। এছাড়া শাইনপুকুর ক্রিকেট ক্লাব যুক্ত করেছে সিকান্দার রাজাকে।

খেলাঘরের হয়ে ডিপিএলে খেলতে এসেছেন অশোক মেনারিয়া। এর আগেও ক্লাবটির হয়ে খেলেছেন ভারতের রাজস্থানের এই ক্রিকেটার। ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত আইপিএলে রাজস্থানের হয়ে খেলেছেন। তবে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব দলে নিয়েছে ভারত জাতীয় দলের সাবেক ক্রিকেটার পারভেজ রাসুলকে। ৩৩ বছর বয়সী জম্মু কাশ্মিরের এই ক্রিকেটার ঢাকা লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে পরপর দুই আসর খেলেছিলেন। ভারতের হয়ে একমাত্র ওয়ানডে ম্যাচটি খেলেছিলেন মিরপুরে ২০১৪ সালে। ২০১৭ সালে একমাত্র টি-টোয়েন্টি খেলেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে।

প্রাইম ব্যাংক ও লিজেন্ডস অব রূপগঞ্জ আস্থা রাখছে পুরোনো বিদেশি খেলোয়াড়দের ওপর। প্রাইম ব্যাংক উত্তর প্রদেশের ব্যাটসম্যান অভিমন্যু ঈশ্বরণকে এবারো নিয়ে আসছে। রূপগঞ্জ দলে ভিড়িয়েছে গুজরাটের চিরাগ জানিকে।

প্রথম বিভাগ থেকে উঠে আসা রূপগঞ্জ টাইগার্স ও সিটি ক্লাব বড় নামের খেলোয়াড় আনতে পারেনি। সিটি ক্লাব পাকিস্তান থেকে উড়িয়ে আনছে বাঁহাতি স্পিনার খালিদ ওসমানকে। বোলিংয়ে পারদর্শী হলেও টুকটাক ব্যাটিংও পারেন খালিদ।

তাকে নিয়ে দলটির ম্যানেজার বেনু আক্তার রোববার বলেছেন, ‘সবকিছু সম্পন্ন। মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পাওয়ার কথা আজ। কাল আসবে বাংলাদেশে। দুপুরের মধ্যে পৌঁছাতে পারলে প্রথম ম্যাচ থেকেই খেলানো হবে। রাতে আসলে পরের ম্যাচ থেকে। পুরো মৌসুম পাওয়া যাবে।’

এছাড়া রূপগঞ্জ টাইগার্স দলে এনেছে ভারতের বাবা অপরাজিতকে। ভারতের হয়ে ২০১২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন বাবা। তামিলনাড়ুর এই ব্যাটিং অলরাউন্ডার ৮৫ লিস্ট ‘এ’ ম্যাচে ৩২৪১ রান ও ৫১ উইকেট পেয়েছেন।

এখনো বিদেশি ক্রিকেটার নিশ্চিত করতে পারেনি ব্রাদার্স ইউনিয়ন ও গাজী গ্রুপ। ব্রাদার্স লিগের মাঝে বিদেশি ক্রিকেটার দলভুক্ত করবে। গাজী গ্রুপ একজন ভারতীয় ও একজন পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে আলাপ করছে। সোমবার সকালে নিশ্চিত হতে পারবে তাদের জার্সি গায়ে কে মাঠে নামবে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৪ মার্চ


Back to top button
🌐 Read in Your Language