ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগে সালসবুর্কের জালে বায়ার্নের গোল উৎসব

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ভয়ঙ্কর রূপটা আবার দেখালো জার্মান জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখ। এছাড়া এ ম্যাচে হ্যাট্রিক করেছে দলটির স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি। আর এতে করে সালসবুর্ককে গোল বন্যায় ভাসিয়ে দিল ছয়বারের চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার দিবাগত রাতে বায়ার্নের নিজেদের মাঠে অনুষ্ঠিত হয় এই ম্যাচটি। শেষ ষোলোর ফিরতি এ লেগে ৭-১ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৮-২ ব্যবধানে এগিয়ে পরের ধাপে পা রাখল জার্মান জায়ান্টরা।

ম্যাচ শুরুর প্রথমার্ধেই সালসবুর্কের জালে এক হালি পূরণ করে বায়ার্ন। লেভানদোভস্কি হ্যাট্রিকের পর হালি পূরণ করেন সের্জ নাব্রি। আর এতে করেই ৪-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন।

বিরতির পর জোড়া গোল করেন টমাস মুলার। এরপর ম্যাচের ৬১ মিনিটে বদলি হয়ে নামা সালসবুর্কের মাঝমাঠের খেলোয়াড় কাইগার্ড ৭০তম মিনিটে দারুণ এক গোল করে হারের ব্যবধান কমান। এছাড়া ম্যাচ শেষের কিছু আগে জালের দেখা পান বায়ার্নের লেরয় সানে।

পোলিশ ফরওয়ার্ড তারকা লেভানদোভস্কির হ্যাট্রিকের দুটি গোলই আসে প্যানাল্টি থেকে। প্রথমটি ১২তম মিনিটে ও দ্বিতীয়টি ২১তম মিনিটে। এ ছাড়া দুটি সফল স্পটকিকের মাত্র দুই মিনিট পরে নিজের হ্যাট্রিক পূরণ করেন তিনি।

২৩তম মিনিটে মাঝমাঠ থেকে মুলারের লম্বা পাস ক্লিয়ার করতে বক্সের বাইরে বেরিয়ে আসেন গোলরক্ষক। লেওয়ানডস্কি ছুটে গিয়ে ফাঁকা জালে বল জড়িয়ে দেন অনায়াসেই। আর এই গোলের সঙ্গে একটি অনন্য রেকর্ড গড়ে ফেলেন গত দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।

সেটি হল চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচের শুরু থেকে সবচেয়ে কম সময়ে হ্যাট্রিক করা। এটি ছিলো ২৩ মিনিটে। এর আগে ১৯৯৬ সালে ইন্টার মিলানের হয়ে রসেনবর্গের বিপক্ষে মার্কো সিমোনের ২৪ মিনিটে হ্যাট্রিক রেকর্ড ছিলো।

এবারের আসরে লেভানদোভস্কির এটি দ্বিতীয় হ্যাট্রিক। এই মাঠেই গ্রুপ পর্বে বেনফিকার বিপক্ষে ৫-২ গোলে জয়ের ম্যাচে করেছিলেন প্রথমটি। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ৩৩ বছর বয়সী এই ফুটবলারের হ্যাট্রিক হল ৫টি।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৯ মার্চ


Back to top button
🌐 Read in Your Language