পশ্চিমবঙ্গ

প্রয়াত পশ্চিমবঙ্গের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে

কলকাতা, ২০ ফেব্রুয়ারি – ভারতের পশ্চিমবঙ্গের ক্রেতা সুরক্ষা মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সাধন পাণ্ডে মারা গেছেন।

রোববার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

তৃণমূলের জন্মলগ্ন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন এই মন্ত্রী। বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

সাধন পাণ্ডের মৃত্যুতে শোকপ্রকাশ করে এক টুইট বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘আমাদের দীর্ঘদিনের সতীর্থ, দলীয় নেতা এবং মন্ত্রী সাধন পাণ্ডে মারা গেছেন। দীর্ঘদিন ধরে তার সঙ্গে আমার সুসম্পর্ক ছিল। তার প্রয়াণে আমি মর্মাহত। তার পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’

সর্বশেষ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মানিকতলা থেকে তৃণমূলের প্রার্থী ছিলেন সাধন পাণ্ডে। বিজেপির হেবি ওয়েট প্রার্থী কল্যাণ চৌবেককে হারিয়ে বিধায়ক নির্বাচিত হওয়ার পাশাপাশি পুনরায় মমতা ব্যানার্জীর মন্ত্রিসভায় স্থান করে নেন তিনি।

এর আগে টানা ৬ বার বটতলা বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হন সাধন পাণ্ডে। ২০১১ সাল থেকে তিনি মানিকতলা কেন্দ্রের বিধায়ক। এদিকে ২০২১ সালে অনুষ্ঠিত নির্বাচনের পরই অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান এ রাজনীতিবিদ।

গত বছরের ১৬ জুলাই ফুসফুসে সংক্রমণ নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সাধন পাণ্ডেকে। সেখানে দীর্ঘদিন ভর্তি থাকার পর উন্নত চিকিৎসার জন্য তাকে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়।

গত ৩ দিনে সাধন পাণ্ডের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হলো তাকে। ৭১ বছর বয়সে থমকে গেল সাধন পাণ্ডের পথচলা।

সূত্র: সমকাল
এম ইউ/২০ ফেব্রুয়ারি ২০২২


Back to top button
🌐 Read in Your Language