ফাহিমের চাওয়া, ‘বাংলাদেশের সব খেলা যেন খেলেন সাকিব’

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – ব্যক্তিগত কোনো লক্ষ্য না থাকলে সাকিব আল হাসানকে ঐচ্ছিক অনুশীলনে দেখা যায় না। বুধবার (১৬ ফেব্রুয়ারি) ফরচুন বরিশালের ঐচ্ছিক অনুশীলনে সাকিব এসে যেন চমকেই দিলেন সবাইকে। মিডিয়া ম্যানেজারও জানতেন না সাকিব হাজির মিরপুরের একাডেমিতে!
বোঝার আর বাকি নেই যে, বিপিএল ফাইনাল নিয়ে বড্ড সিরিয়াস সাকিব। অনুশীলনেও সেই চিত্র ধরা পড়ল। মিরপুরের একাডেমিতে যে অক্লান্ত পরিশ্রম করেছেন তা অবাক করে সবাইকে। শুরু থেকে শেষ পর্যন্ত নেটে ঘণ্টাখানেক পাওয়ার হিটিংয়ে পূর্ণ মনোযোগ বাঁহাতি ব্যাটসম্যানের।
পাশে থেকে ভুলভ্রান্তি শুধুরে দিয়েছেন বরিশালের ব্যাটিং কোচ নাজমুল আবেদীন ফাহিম। শৈশবের গুরুর সঙ্গে বিপিএলের শুরু থেকে পাওয়ার হিটিং নিয়ে কাজ করছেন সাকিব। তাতে মিলেছে সুফল। এবার শেষটাও ভালো করতে মুখিয়ে ফাহিম-সাকিব জুটি।
নাজমুল আবেদীন বলেছেন, ‘ও টি-টোয়েন্টিতে নিয়মিত বড় বড় ইনিংস খেলছে। আমার মনে হয় নিয়মিত হওয়াটা খুব জরুরি। ওর নিজেরও ধারাবাহিকতার দিকে মনোযোগ। স্ট্রাইক রেট যেন ধরে রাখতে পারে সেটা নিয়ে কাজ করছে। এজন্য অনুশীলন করা দরকার।’
শিষ্যকে ঘষামাজা করে আরো পরিণত, নিখুঁত করছেন নাজমুল আবেদীন। বলেন, ‘পারফেকশনের তো কোনো সীমা নেই। কিছু কিছু জায়গায় খুঁত আছে। সেটা সে উপলব্ধি করে। সেগুলো নিয়মিত মাথায় রেখেই চলে সাকিব। আজ সেই পারফেকশনের লক্ষ্য নিয়েই আসছে। কিছুদিনের মধ্যে এমন জায়গায় যাবে, তখন ওকে আমরা খুব কম ভুল করতে দেখবো।’
একসঙ্গে দীর্ঘদিন কাজ করার সুবাদে শিষ্যর মধ্যে আলাদা কিছু দেখতে পেয়েছেন নাজমুল আবেদীন। তার মতে, আগের থেকে অনেক বেশি সিরিয়াস হয়েছেন বাংলাদেশের সুপারস্টার। এজন্য মাঠে তাকে লাগছে প্রাণবন্ত, উচ্ছ্বসিত। এই সাকিবকে বাংলাদেশের সব খেলায় দেখতে চান ফাহিম। এজন্য বিসিবির সঙ্গে আলোচনা করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার কথা বললেন সাকিবের শৈশবগুরু।
‘এটা (সাকিব দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবে না) নিয়ে আসলে আলাদা করে কোনো কথা হয়নি। ও কী খেলতে যাচ্ছে বা না খেলবে সে বিষয়ে কোনো কথা হয়নি। আমার পরামর্শ থাকবে সব খেলার। ও যখনই অ্যাভেইলেবল থাকবে, বাংলাদেশের সব খেলা যেনো খেলে, এটা আমি চাইবো।’
‘ওর শরীরটা যেন ঠিক থাকে। শারীরিক কারণে কোথায় বিরতি নিতে পারে, সেটাও একটু ভেবে রাখা দরকার। এই বয়সে তিন ফরম্যাটে খেলা…তাই গুরুত্ব বুঝে বুঝে হয়তো খেলতে হবে। তাই সাকিব এবং বোর্ডকে বসে আলাপ করতে হবে ও কোথায় কোথায় খেলবে। আমার মনে হয়, আলাপ আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নিয়ে আসতে পারে।’
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৭ ফেব্রুয়ারি









