ঢালিউড

হল মালিকদের মুখে হাসি ফুটিয়েছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – আজ (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবস। দিবসটি ঘিরে উৎসবের আমেজ বাড়াতে গেলো ১১ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর চলচ্চিত্র ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস জুটির এ চলচ্চিত্রটি মুক্তির পর থেকেই হাসি ফুটেছে হল মালিকদের মুখে।

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ”দীর্ঘদিন পর সিনেমা হলগুলোতে দর্শক আসতে শুরু করেছে। দর্শকরা সিনেমা দেখে প্রশংসা করছে। প্রতিটি শো-তেই বাড়ছে দর্শক। ভালোবাসা দিবস উপলক্ষে চলচ্চিত্রটি সবাই হলে এসে দেখবে বলে আমাদের বিশ্বাস। সবাইকে আমরা হলে এসে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ দেখার আহ্বান জানাচ্ছি।”

রাজধানীর মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘সিনেমাটি বেশ ভালোই চলছে। সাহস করে এই কঠিন সময়ে সিনেমা মুক্তি দিয়েছে এজন্য তাদের ক্রেডিট দেওয়া দরকার। প্রতি শোয়ে অনেক দর্শক হচ্ছে। আশা করি, সামনের দিনগুলোতেও আরও সেল বাড়বে।’

শ্যামলী সিনেমা হলের ম্যানেজার আহসানউল্লাহ বলেন, ‘নতুন সিনেমা রিলিজ হোক এটা আমরা মনে প্রাণে চাই। কারণ, নতুন সিনেমা হলে আমরা দর্শক পাই। আমাদের হলে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’-এর সেল ভালো। দর্শক আনন্দ পাচ্ছে। দর্শক আসতে শুরু করেছে, এটাই বড় ব্যাপার।’

পাবনার রূপকথা সিনেমা হলের কর্মকর্তা সানা বলেন, ‘সিনেমাটি ভালো, মজা আছে। দর্শক বিনোদিত হচ্ছে। আজ ভালো দর্শক হয়েছে। গতকালও ভালো ছিল। স্কুল-কলেজ খোলা থাকলে উপচেপড়া ভিড় হতো।’

তারকাবহুল রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে বাপ্পী-অপু ছাড়াও আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে। সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা। চলচ্চিত্রটির পাওয়ার্ড বাই এসএমসি ফ্রুটি।

একনজরে দেখে নিন সারাদেশের যেসব হলে মুক্তি পেয়েছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’-

স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা), ব্লকবাস্টার (যমুনা), সীমান্ত সম্ভাব (জিগাতলা), সনি সিনেপ্লেক্স (মিরপুর), শ্যামলী (ঢাকা), মধুমিতা (ঢাকা), চিত্রামহল (ঢাকা), গীত (ঢাকা), বিজিবি (ঢাকা), আনন্দ (ঢাকা), সেনা (ঢাকা), নিউ গুলশান (জিঞ্জিরা), চাঁদমহল (কাঁচপুর), নন্দিতা (সিলেট), রূপকথা (শ্রীপুর), সেনা (সাভার), চন্দ্রিমা (শ্রীপুর), নবীন (মানিকগঞ্জ), রূপকথা (পাবনা), মধুবন (বগুড়া), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), শঙ্খ (খুলনা), চিত্রালী (খুলনা), বনলতা (ফরিদপুর), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম)।

এন এইচ, ১৪ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language