ইয়াবা-আইস টেকনাফ থেকে কিনে ঢাকায় বিক্রি করতেন তারা

ঢাকা, ২০ নভেম্বর – রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১৫ গ্রাম ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ (আইস) ও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- মামুন হোসেন (৩৫), তাজউদ্দিন টিটু (৪৩), মিজানুর রহমান (৫৩) ও লিটন মাহমুদ (৩২)।
শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের সহকারী পরিচালক (মিডিয়া) মো. মেহেদী হাসান এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত রাজধানীর ভাটারা, খিলক্ষেত, খিলগাঁও ও বনানী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মো. মেহেদী হাসান বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। এই নীতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ওই চারজন মাদক কারবারিকে গ্রেফতার ও ভয়ংকর মাদক আইসসহ ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতারদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে ডিএনসির এই কর্মকর্তা বলেন, তারা দেশের সীমান্তবর্তী এলাকা টেকনাফ থেকে ইয়াবা ও আইস সংগ্রহ করতেন। এরপর ঢাকার বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক কারবারিদের কাছে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।
সূত্র: জাগো নিউজ
এম ইউ/২০ নভেম্বর ২০২১









