ফুটবল

উজবেকিস্তান সফরের শেষটা ভালো চায় নারী ফুটবল দল

তাশখন্দ, ২৫ সেপ্টেম্বর – নারী ফুটবলে শক্তির বিচারে জর্ডান ও ইরানের চেয়ে বেশি পেছনে নয় হংকং। র্যাংকিং যদি শক্তির সনদ হয়, তাহলে এই তিনটি দেশের অবস্থান কাছাকাছি। জর্ডান ৬৩, ইরান ৭২ ও হংকং ৭৬। এই তিন দেশের চেয়ে বাংলাদেশ পিছয়ে অনেক। লাল-সবুজ জার্সিধারী মেয়েদের অবস্থান ১৩৮ নম্বরে।

উজবেকিস্তানে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের দুই ম্যাচে জর্ডান ও ইরানের কাছে ৫ গোল করে হজমে কাগজ-কলমের পার্থক্যটা মাঠে ফুটে উঠেছে। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ শেষে দেশে ফেরার আগে আরেকটি ম্যাচ বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে। রোববার এই প্রীতি ম্যাচটি খেলে উজবেকিস্তান সফর শেষ করবে সাবিনা-মৌসুমীরা।

কি লক্ষ্য এই ম্যাচে? নারী ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন ম্যাচটি থেকে মেয়েদের অভিজ্ঞতা বাড়ানোর দিকেই গুরুত্ব দিচ্ছেন। কারণ, বাংলাদেশ নারী ফুটবল দল গঠিত বয়সভিত্তিক খেলোয়াড়দের নিয়ে। জাতীয় দলের জার্সিতে মাঠে নামলে তাই পার্থক্য ফুটে ওঠে মাঠে।

উজবেকিস্তান থেকে বাংলাদেশ কোচ বলেছেন, ‘আমরা এশিয়ান কাপ বাছাইয়ে শক্তিশালী ও অভিজ্ঞ দুটি দল জর্ডান ও ইরানের বিপক্ষে খেলেছি। ওই দুই ম্যাচ থেকে আমাদের মেয়েরা কিছু শিক্ষা নিয়েছে। আমি আশা করি, হংকংয়ের বিপক্ষে ম্যাচ থেকেও মেয়েরা অভিজ্ঞতা অর্জন করতে পারবে। ম্যাচটি খেলার সুযোগ করে দেওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও হংকং ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই।’

উজবেকিস্তানের জার একাডেমিতে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। এ ম্যাচ সামনে রেখে সাবিনারা শনিবার হোটেলে দুইবেলা জিম সেশন করেছেন। তারা সফরের শেষ ম্যাচটা ভালো করতে চায়।

উজবেকিস্তান যাওয়ার পথে নারী ফুটবল দল নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলে একটি হেরেছে, আরেকটি ড্র করেছে। এখন দেখার অপেক্ষা, হংকংয়ের বিপক্ষে কী ফল করে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা।

সূত্র : জাগো নিউজ
এম এস, ২৫ সেপ্টেম্বর


Back to top button
🌐 Read in Your Language