সুবর্ণচরে চাঁদা না পাওয়ায় ব্যবসায়ীকে হাতুড়িপেটা

নোয়াখালী, ২৬ অক্টোবর- নোয়াখালীর সুবর্ণচরে চাঁদার টাকা না পেয়ে জসিম উদ্দিন (৩৫) নামে এক ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার পাঁচদিন পর মামলা নিয়েছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) সকালে জসিমের বাবা নাছির উদ্দিন বাদী হয়ে চরজব্বার থানায় মামলাটি দায়ের করেন।
চরজুবলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য খলিল উল্যাহকে (৪০) প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় অভিযুক্ত খলিল মেম্বারসহ সব আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ৯’শ ইয়াবা জব্দ, সাত রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৮
প্রসঙ্গত, গত বুধবার সকাল ১০টার দিকে ব্যবসায়ী জসিম উদ্দিন স্থানীয় পাঙ্খার বাজারে দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় খলিল মেম্বার একটি মোটরসাইকেল যোগে এসে তার দাবিকৃত টাকার জন্য জসিমের সাথে বাকবিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মেম্বার হাতুড়ি দিয়ে জসিমের শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন। আহত জসিমকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্রঃ সময় নিউজ
আডি/ ২৬ অক্টোবর









