দক্ষিণ এশিয়া

চার আফগান এজেন্টকে হত্যা করলো তালেবানের ডেথ স্কোয়াড

কাবুল, ১৩ সেপ্টেম্বর – আফগানিস্তানের চার জন কাউন্টার টেরোরিজম এজেন্টকে হত্যা করেছে তালেবানের এলিট ডেথ স্কোয়াড। ২২ আগস্টের পর এই হত্যাকাণ্ডগুলো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। একটি হত্যাকাণ্ডে তালেবান যোদ্ধারা এক এজেন্টের আঙুলের নখ উপড়ে ফেলে বলেও খবরে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিহতরা আফগানিস্তানের ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস)-এর দুটি ইউনিটের সদস্য। তাদের প্রশিক্ষণ দিয়েছে ব্রিটিশ ও মার্কিন সেনারা।

নিহত এক এজেন্টের ভাই দ্য সানডে টাইমসকে বলেন, আগস্টে কাবুলের বাইরে তাদের বাড়িতে আসে তালেবান যোদ্ধারা। আমার ভাইয়ের মাথায় তিনটি, বুকে একটি এবং বাম কাঁধ ও হাতে দুটি গুলি করা হয়েছে। জানি না আমি কীভাবে বেঁচে গেছি।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, নিহত চার জনের মধ্যে একজনের হাতের সব নখ উপড়ে ফেলা হয়। পরে তাকেও গুলি করে হত্যা করেছে তালেবান যোদ্ধারা।

এনডিএস-এর সদর দপ্তরে কাজ করা এক সিনিয়র ম্যানেজার জানান, ১৫ আগস্ট কাবুল দখলের পর তালেবান তাদের ল্যাপটপ ও বিভিন্ন নথি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এগুলো থেকে পাওয়া তথ্য কাজে লাগিয়ে এনডিএস এজেন্টদের খুঁজে বের করছে। এক্ষেত্রে তালেবানরা নিজেদের ব্রিটিশ দূতাবাসের কর্মী পরিচয় দিচ্ছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৩ সেপ্টেম্বর


Back to top button
🌐 Read in Your Language