উত্তর আমেরিকা

গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যা: নিখোঁজ অন্তত ১৫, উদ্ধার ৬২

ওয়াশিংটন, ৩১ আগস্ট – যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে আকস্মিক বন্যায় অন্তত ১৫ জন পর্যটক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় পার্ক কর্তৃপক্ষ ইতিমধ্যে ৬২ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।ন্যাশনাল পার্ক সার্ভিস (এনপিএস) গত রোববার স্থানীয় সময় বিকেলে এই তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার দুপুর আড়াইটার দিকে গ্র্যান্ড ক্যানিয়নের বেশ কিছু এলাকায় প্রবল বেগে বন্যা আঘাত হানে। প্রাকৃতিক এই বিপর্যয়ের পরপরই সেখানে অবস্থানরত পর্যটক, হাইকার ও ব্যাকপ্যাকারদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু করে উদ্ধারকারী দলগুলো।

এনপিএস কর্তৃপক্ষ এখন নিখোঁজ ব্যক্তিদের অবস্থান শনাক্তের চেষ্টা করছে। বিশেষ করে যারা ঐ এলাকায় ক্যাম্পিংয়ের জন্য আগে থেকে বুকিং দিয়ে রেখেছিলেন, তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এর আগে পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে ২০ জনের বেশি মানুষ নিখোঁজ হওয়ার আশঙ্কার কথা জানানো হয়েছিল। তবে বর্তমানে নিখোঁজ ব্যক্তিদের প্রকৃত সংখ্যা নিয়ে অনুসন্ধান চলছে।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রাইট অ্যাঞ্জেল ক্রিক করিডর, নর্থ কাইবাব ট্রেইল ও ফ্যান্টম র‍্যাঞ্চ এলাকা। পরিস্থিতির অবনতি ঘটায় নর্থ কাইবাব ট্রেইলের সম্পূর্ণ অংশ এবং ফ্যান্টম র‍্যাঞ্চ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া কলোরাডো নদীতেও ধাতব কাঠামো ও ধ্বংসাবশেষ ভেসে আসায় সেখানে জলযান চলাচল স্থগিত রাখা হয়েছে।

পার্ক কর্তৃপক্ষ সবাইকে বন্যাপ্লাবিত ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। তবে এখন পর্যন্ত উদ্ধারকৃতদের মধ্যে গুরুতর আহতের কোনো খবর পাওয়া যায়নি।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এলাকায় বজ্রঝড় ও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা নতুন করে বন্যার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। ফলে সোমবার পর্যন্ত বন্যা সতর্কতা জারি রাখা হয়েছে।

এনএন/ ৩১ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language