স্পেন

মাদ্রিদে গ্যারেজে অগ্নিকাণ্ডে বাংলাদেশি প্রবাসী তরুণের মৃত্যু

মাদ্রিদ, ৩১ আগস্ট – স্পেনের রাজধানী মাদ্রিদে একটি সাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে মো. ইউসুফ হাসান আলিফ নামের এক বাংলাদেশি প্রবাসী তরুণ নিহত হয়েছেন। ২৬ বছর বয়সী ওই তরুণ পেশায় একজন ফুড ডেলিভারি কর্মী ছিলেন এবং তিনি অবিবাহিত ছিলেন।

পাসপোর্টের তথ্যানুযায়ী ইউসুফ ঢাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল মোতালিব এবং মায়ের নাম রহিমা খাতুন।

স্থানীয় সময় রোববার বিকেলে মাদ্রিদের পালোস দে লা ফ্রন্তেরা মেট্রো স্টেশনের কাছে অবস্থিত ওই গ্যারেজে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে গ্যারেজে হঠাৎ করে আগুন লাগলে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করলেও গ্যারেজের ভেতরে আটকা পড়া ইউসুফকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকেই তার মরদেহ উদ্ধার করেন।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে গ্যারেজে রাখা কোনো বৈদ্যুতিক সাইকেলের ব্যাটারি বিস্ফোরণ কিংবা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং গ্যারেজে নিরাপত্তাজনিত কোনো গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

বর্তমানে নিহতের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এনএন/ ৩১ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language