ফুটবল

চলে গেলেন জার্মান কিংবদন্তি জার্ড মুলার

জার্মানির বিশ্বকাপজয়ী কিংবদন্তি জার্ড মুলার মারা গেছেন। রোববার সকালে ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এক বিবৃতিতে মুলারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখ।

২০১৫ সালে আলঝেইমার রোগে আক্রান্তের পর থেকে তাকে একটি নিবিড় পরিচর্যা নিবাসে কাটাতে হয়েছে।

১৯৭৪ ফিফা বিশ্বকাপে চার গোল করেছিলেন মুলার। ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে তখনকার পশ্চিম জার্মানি। শিরোপার মঞ্চে ২-১ গোলে জয়ের ম্যাচে জয়সূচক গোলটি ছিল তারই।

১৯৭০ বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন তিনি। যার মধ্যে বুলগেরিয়া এবং পেরুর বিপক্ষে ছিল পর পর দুটি হ্যাটট্রিক। চার বছর পর দলকে শিরোপা জেতাতে জয়সূচক গোলটিও এসেছিল তার পা ছুঁইয়ে। হল্যান্ডের বিপক্ষে ফাইনালে তার গোলেই জয় পেয়েছিল পশ্চিম জার্মানি। জাতীয় দলের ক্যারিয়ার খুব লম্বা নয়। পশ্চিম জার্মানির হয়ে ৬২টি ম্যাচ খেলে ৬৮ গোল করেছিলেন মুলার।

বায়ার্ন মিউনিখে ছিল তার উজ্জ্বল ক্যারিয়ার। বায়ার্ন মিউনিখের হয়ে ৬০৭ ম্যাচে ৫৬৬ গোল করেছেন। যার ৩৬৫ গোল করেছেন বুন্দেসলিগায়। সাতবার লিগের সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন তিনি।

১৯৭২ সালে এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ ৬৫ গোলের রেকর্ড গড়েছিলেন। ৪০ বছর পর ২০১২ সালে লিওনেল মেসি সেই রেকর্ড ভাঙেন। মেসি করেছিলেন ৬৭ গোল। বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডটি অক্ষত ছিল ৩২ বছর। ২০০৬ সালে রোনালদো সেই রেকর্ডটি ভাঙেন।

তাকে ডাকা হতো ‘ডার বোম্বার’ বা বোমারু নামে। মাঠে নেমে ‘গোল’ বর্ষণে প্রতিপক্ষকে বিধ্বস্ত করতেন বলেই এমন নাম দেয়া হয়েছিল।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৬ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language