ফুটবল

প্রথম ম্যাচেই হোঁচট খেলো চ্যাম্পিয়ন বায়ার্ন

শুক্রবার জার্মান বুন্দেসলিগায় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষ ছিল বরুসিয়া মোশেনগ্লাডবাখ। মৌসুমের প্রথম ম্যাচের অভিজ্ঞা ভালো হয়নি বাভারিয়ানদের জন্য। পিছিয়ে পরে তারা ১-১ গোলে ড্র করেছে মোশেনগ্লাডবাখের সঙ্গে।

ঘরের মাঠে বায়ার্নের বিপক্ষে ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় মোশেনগ্লাডবাখ। এ সময় মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো লম্বা পাসে বায়ার্নের ডি বক্সের সামনে বল পেয়ে যান লার্স স্টিন্ড। তিনি বক্সের ভেতরে ঢোকার আগ মুহূর্তে বায়ার্নের রক্ষণভাগের খেলোয়াড়ের ট্যাকেলের মুখে পড়েন। শুয়ে পড়ে বামদিকে বল বাড়িয়ে দেন আলাসানে প্লিয়াকে। বল নিয়ে প্লিয়া ঢুকে পড়েন বক্সের মধ্যে। তার সামনে কেবল বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। তাকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ভুল করেননি প্লিয়া।

অবশ্য বিরতিতে যাওয়ার আগেই সমতা ফেরায় বায়ার্ন। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে জশুয়া কিমিচের বাড়ানো বল বক্সের মধ্যে খুঁজে পায় লেভানডোফস্কির পা। তিনি ডান পায়ের ভলিতে বল জালে জড়ান। তাতে ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধেও এই সমতা বহাল থাকে। তাতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে বায়ার্ন।

গেল মৌসুমে লেভানডোফস্কি বুন্দেসলিগায় রেকর্ড সর্বোচ্চ ৪১ গোল করেছিলেন। চলতি মৌসুমও গোল দিয়ে শুরু করলেন। দেখার বিষয় এই মৌসুমে কোথায় গিয়ে থামেন পোল্যান্ডের এই তারকা।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৪ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language