বলিউড

কঙ্গনাকে হুঁশিয়ারি দিয়েছে আদালত

মুম্বাই, ৩১ জুলাই – গত বছরের নভেম্বরে কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। সেই মামলায় এখন পর্যন্ত একবারও আদালতে হাজিরা দেননি কঙ্গনা। গত সপ্তাহেও ছিল এই মামলার শুনানির দিন। কিন্তু এদিনও তার ব্যতিক্রম হয়নি।

এই পরিস্থিতিতে অভিনেত্রীকে কড়া নির্দেশ দিয়েছে মুম্বাইয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। নির্দেশে বলা হয়েছে, তিনি যাতে কোনোরকম অজুহাত না দেখিয়ে আগামী শুনানিতে অবশ্যই উপস্থিত থাকেন। যদি উপস্থিত না হন, তবে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করারও হুঁশিয়ারি দিয়েছে আদালত।

জাভেদ আখতারের অভিযোগ, গত বছর ১৯ জুলাই টেলিভিশনে কঙ্গনার একটি সাক্ষাৎকার দেখে তিনি স্তম্ভিত হয়ে যান। সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গে বলতে গিয়ে কোনো রকম তথ্য-প্রমাণ ছাড়াই, পারিপার্শ্বিক পরিস্থিতি না জেনেই আপত্তিকর মন্তব্য ও আক্রমণ শুরু করেন। জাভেদ আখতারের দাবি, কঙ্গনার এই ধরনের বক্তব্যের ফলে নানা হুমকিবার্তা ও টেলিফোন পেয়েছেন তিনি। আর এসব অভিযোগের ভিত্তিতে কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেন জাভেদ আখতার।

এস সি/ ৩১ জুলাই

Back to top button
🌐 Read in Your Language