সংগীত

লুৎফর হাসানের ‘অন্য আমি’

ঢাকা, ১৯ জুলাই – ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে ‘ঘুড়ি’-খ্যাত লুৎফর হাসানের নতুন গান। নাম ‘অন্য আমি’।

গানটির গীতিকার শামীম রেজা প্রবাসে থাকেন। তাই দেশে ফেলে যাওয়া স্মৃতি রোমন্থনে তিনি শব্দ কথায় এঁকেছেন এক বাউণ্ডুলে জীবন। সেই কথায় দরদী সুর বসিয়ে কণ্ঠে বেঁধেছেন লুৎফর হাসান। সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন।

লুৎফর হাসান বললেন, ‘শামীম ভাই মূলত আমাকে ভেবেই গানটি লিখেছেন, এটা আসলে অন্যরকম ভালোলাগার বিষয়। গান সংশ্লিষ্ট সবাই বেশ মনোযোগ দিয়ে পুরো কাজটি করেছেন, যা আমার জন্য আনন্দের।’

গাজীপুরের কালীগঞ্জের এক দৃষ্টিনন্দন লোকেশনে এর ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ।

গীতিকবি শামীম রেজা বলেন, ‘লুৎফর আমার ভীষণ স্নেহের ছোট ভাই। তার গান আমার ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই তার জন্য এই গান লেখা।’

গানটি ২৮ জুলাই ধ্রুব মিউজিক স্টেশনের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। পাশাপাশি শুনতে পাওয়া যাবে দেশী-বিদেশী একাধিক অ্যাপ-এ।

এম এউ, ১৯ জুলাই


Back to top button
🌐 Read in Your Language