সড়ক অবরোধ করে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা, ১৪ জুলাই – গাজীপুর সিটি করপোরেশনের লক্ষীপুরা এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিক ও স্টাফরা বিক্ষোভ করেছে।
বুধবার (১৪ জুলাই) সকালে শ্রমিকরা বিক্ষোভ করে এবং ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করার চেষ্টা করে করে।
পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, লক্ষীপুরা এলাকার ষ্টাইল ক্রাফট লিমিটেড পোশাক কারখানায় প্রায় ৪ হাজার শ্রমিক কাজ করে। এরমধ্যে ৭০০ স্টাফ রয়েছে। কারখানার কর্তৃপক্ষ কয়েক মাসের বকেয়া বেতন দিচ্ছে না। স্টাফদের ৭ মাসের এবং শ্রমিকদের জুন মাসের বেতন বকেয়া রয়েছে। মঙ্গলবার সকালে কাজ বন্ধ করা হলে কর্তৃপক্ষ সন্ধ্যার মধ্যে টাকা দেওয়ার সময় দেয় কিন্তু বেতন-বোনাস দেয়নি। একারণে বুধবার সকালে বেতনের দাবি জানালে কারখানা কর্তৃপক্ষ ফের টালবাহানা শুরু করে। পরে শ্রমিক ও স্টাফরা কাজ বন্ধ করে সকাল থেকে কারখানার ভেতর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানা সামনে জয়দেবপুর-ঢাকা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে দুই পাশে পণ্যবাহী যানবাহনের যানজটের সৃষ্টি হয়।
কারখানার শ্রমিক লাবিব মিয়া জানান, প্রতি মাসেই আন্দোলন করে বেতন নিতে হয়। বাসা ভাড়া ও দোকান বাকি দিতে পারছি না। সামনে ঈদে পরিবারের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে যাবো তারও কোনো উপায় নেই।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শ্রমিক ও স্টাফরা বেতন পাচ্ছে না। বেতনের দাবিতে সড়কে অবস্থান নিয়েছে। মালিক পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মিমাংসার চেষ্টা করা হচ্ছে।
সূত্র: বাংলা নিউজ
এম ইউ/১৪ জুলাই ২০২১







