অস্ট্রেলিয়া

‘টিকা নাই, চাকরি নাই’

সুভা, ০৯ জুলাই – সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য করোনার টিকা বাধ্যতামূলক ঘোষণার পরিকল্পনা করতে যাচ্ছে ফিজি। দেশটির প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, ‘টিকা নাই, চাকরি নাই।’

প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক বাইনিমারামা জানিয়েছেন, তাদের দেশের সব সরকারি চাকরিজীবীকে টিকা নিতে হবে। ১৫ আগস্টের মধ্যে টিকার প্রথম ডোজ না নিলে তাদের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে দেওয়া হবে। আর পহেলা নভেম্বরের মধ্যে দ্বিতীয় ডোজ নিতে না পারলে চাকরিচ্যুত করা হবে।

তিনি জানিয়েছেন, বেসরকারি খাতের কর্মীদের পহেলা আগস্টের মধ্যে টিকার প্রথম ডোজ নিতে হবে। এই সময়ের মধ্যে টিকা নিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানা করা হবে। কোনো প্রতিষ্ঠান তার কর্মীদের টিকা নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে না পারলে সেটি বন্ধ করে দেওয়া হবে।

বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাইনিমারামা বলেছেন, ‘টিকা নেই তো চাকরি নেই–বিজ্ঞান আমাদের বলছে এটাই সবচেয়ে নিরাপদ ব্যবস্থা এবং এটি এখন সরকারি নীতি যা আইনের মাধ্যমে মানতে বাধ্য করা হবে।’

করোনার বিধিনিষেধ মানতে নাগরিকদের অনীহার কারণে সরকার এই কঠোর অবস্থানে যাচ্ছে। সামাজিক দূরত্ব মানতে ও মাস্ক পরতে অনীহার কারণে দেশটিতে করোনার সংক্রমণ দ্রুত বাড়ছে। এপ্রিল পর্যন্ত ফিজিতে কোনো কমিউনিটি সংক্রমণ ছিল না। তবে সম্প্রতি ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারের কারণে ৯ লাখ ৩০ হাজার মানুষের দেশটিতে দৈনিক সংক্রমণ ৭০০ ছাড়িয়ে যাচ্ছে।

সূত্র: রাইজিংবিডি
এম ইউ/০৯ জুলাই ২০২১


Back to top button
🌐 Read in Your Language