মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাস: বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

তেহরান, ৬ জুন – মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েন শিথিলের আভাসে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। শনিবার সকালে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৬ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৫৪ ডলারে নেমে আসে।

মূলত হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমিত সামরিক সংঘাতের ঝুঁকি কমে আসায় এবং তেল সরবরাহ প্রবাহে তাৎক্ষণিক ঝুঁকি হ্রাস পাওয়ায় ব্যবসায়ীরা জ্বালানি তেলের বাজার নিয়ে নতুন করে মূল্যায়ন শুরু করেছেন, যার সরাসরি প্রভাব পড়েছে বাজারদরে।

অয়েলপ্রাইস ডট কমের দেওয়া তথ্য অনুযায়ী, বেইজিংয়ের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৯৪ ডলার বা ২ দশমিক ০৪ শতাংশ কমে ৯৩ দশমিক ০৯ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া মুরবান অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ০২ শতাংশ কমে ৯০ দশমিক ৬৮ ডলারে নেমেছে।

আন্তর্জাতিক অন্যান্য মানদণ্ডেও তেলের দাম কমতে দেখা গেছে। এর মধ্যে ডব্লিউটিআই মিডল্যান্ডের দর ২ দশমিক ৬৯ শতাংশ কমে ৯১ দশমিক ১৭ ডলারে এবং মার্স অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৭৬ শতাংশ কমে ১১২ দশমিক ২১ ডলারে অবস্থান করছে। অন্যদিকে ওয়েস্টার্ন কানাডিয়ান সিলেক্টের দাম ৩ দশমিক ৫৬ শতাংশ কমে ৮০ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, প্রাকৃতিক গ্যাস ও হিটিং অয়েলের দাম উল্লেখযোগ্য হারে কমলেও ডিজেলের দামে সামান্য শূন্য দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি ঘটেছে।

বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট সমুদ্রপথের তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই নৌপথে সরবরাহ ব্যবস্থা নানাভাবে বাধাগ্রস্ত হলেও সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতির উন্নতি তেলের বাজারে স্বস্তি ফিরিয়ে এনেছে।

এস এম/ ৬ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language