দক্ষিণ এশিয়া

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সিজেপির বিক্ষোভ, দিল্লিতে পুলিশের লাঠিচার্জ

নয়াদিল্লি, ৬ জুন – ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ সমাবেশ করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এই সমাবেশ চলাকালে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে পুলিশের এই বলপ্রয়োগের চিত্র দেখা গেছে। আন্দোলনের নেতৃত্ব দিতে শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র থেকে দিল্লি বিমানবন্দরে পৌঁছান দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সেখানে দিল্লি পুলিশের কর্মকর্তাদের সাথে আলোচনার পর যন্তর মন্তরে নির্দিষ্ট শর্তে সমাবেশের অনুমতি পান তিনি।

পুলিশের পক্ষ থেকে শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচি পালনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সমাবেশের আগে দীপকে ঘোষণা করেন যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে অবশ্যই পদ ছাড়তে হবে। তিনি উল্লেখ করেন যে তাদের লড়াই চলবে এবং তারা কোনো বাধায় দমে যাবেন না।

শিক্ষার্থীদের অধিকারের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি এখানে সেইসব ভাই ও বোনদের জন্য এসেছি যারা এখনও বিদ্যালয়ে পড়াশোনা করছে। কর্মসূচি ঘিরে যন্তর মন্তর এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে প্রশাসন। প্রায় দুই হাজার পুলিশ সদস্য সেখানে মোতায়েন করা হয়।

সংগঠনের পক্ষ থেকে সমর্থকদের বই এবং জাতীয় পতাকা নিয়ে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। একইসাথে পুলিশের প্রতিটি পদক্ষেপ ভিডিও করার জন্য কর্মীদের নির্দেশনা দেওয়া হয়। শিক্ষার অধিকার আদায়ের এই লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দলটি।

এস এম/ ৬ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language