শিক্ষা

স্থগিত করা হয়েছে মাধ্যমিকের অ্যাসাইনমেন্ট কার্যক্রম

ঢাকা, ৩০জুন – করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধ আরোপ করায় ষষ্ঠ থেকে নবম এবং ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে। বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসোইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণ রোধে মন্ত্রিপরিষদ বিভাগের বিধিনিষেধ সংক্রান্ত পরিপত্রের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সপ্তাহভিত্তিক চলমান অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হলাে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা বলছেন, করোনাভাইরাসের কারণে গত বছরের মার্চ মাস‌ থেকে শ্রেনিকক্ষে সরাসরি ক্লাস-পরীক্ষা নেয়া যাচ্ছে না। বিকল্প হিসেবে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট (হোমওয়ার্ক) দেয়া হচ্ছে। এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।

এর আগে ২৩ জুন দেশের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতর থেকে সব আঞ্চলিক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। এতে জানানো হয়, করোনার কারণে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি শ্রেণি কার্যক্রমে সম্পৃক্ত করতে না পারায় মন্ত্রণালয় বিকল্প হিসেবে বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান রেখেছে।

করোনার কারণে যেসব এলাকায় লকডাউন চলছে ওই সব এলাকার আঞ্চলিক উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার স্থানীয় প্রশাসন এবং প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের বিতরণ করা অ্যাসাইনমেন্ট জমার তারিখ পুনঃনির্ধারণ করা যাবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/৩০ জুন ২০২১


Back to top button
🌐 Read in Your Language