ক্রিকেট

মুশফিকের ঢাকা লিগ শেষ, জিম্বাবুয়ে যেতে পারবেন তো?

ঢাকা, ২২ জুন – হাঁটুর ইনজুরিতে সুপার লিগের আগেই ছিঁটকে পড়েছিলেন প্রাইম ব্যাংকের হয়ে খেলা তামিম ইকবাল। এর আগে পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে ফিরে যান মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান। এবার ইনজুরিতে সুপার লিগ থেকে ছিঁটকে গেলেন আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিম। আজ মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল আবাহনী ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের মধ্যকার খেলায় ফিল্ডিংয়ের সময় হাতে চোট লাগে মুশফিকের। ওই ম্যাচে জয় পেয়েছিল তার দল আবাহনী। তবে হাতে ব্যথা থাকায় ম্যাচ শেষের স্ক্যান করা হলে আজ রিপোর্ট পায় বিসিবির মেডিকেল টিম। সেখানে বাম হাতে ফ্যাকচার ধরে পড়ে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের।

দেবাশীষ চৌধুরী বলেন, ‘আজকে সকালে মুশফিকের হাতে সিটি স্ক্যান করা হয়েছে। সিটি স্ক্যানে বাম হাতের ইনডেক্স ফিঙ্গারে একটা ছোট হেয়ারলাইন ফ্র্যাকচারের অস্তিত্ব দেখা গেছে। আপাতত আমরা তাকে এক সপ্তাহের জন্য বিশ্রাম নিতে বলেছি। এক সপ্তাহ পরে আমরা আবার রিভিউ করব। যেহেতু হেয়ারলাইন ফ্র্যাকচার, আশা করছি সেরে উঠতে খুব একটা লম্বা সময় নেবে না।’

আগামী মাসের শুরুতেই জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ। প্রায় আট বছর পর তাদের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা। ওই সিরিজে মুশফিককে পাওয়া নিয়ে কোনো শঙ্কা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এক সপ্তাহ পর আমরা আবার ইনজুরিটা রিভিউ করব। রিভিউ করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।’

সূত্র : আমাদের সময়
এন এইচ, ২২ জুন


Back to top button
🌐 Read in Your Language