শিক্ষা

ঢাবি প্রশাসন অভিভাবক সুলভ আচরণ করতে ব্যর্থ : ছাত্রলীগ

ঢাকা, ২১ জুন – ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের আবাসন ও পরিবহন ফি প্রত্যাহার এবং অবিলম্বে টিকা নিশ্চিত করে হল খোলার দাবি জানিয়েছেন ঢাবি ছাত্রলীগ।

সোমবার (২১ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত ছাত্র সমাবেশ থেকে এ দাবি জানান শাখা ছাত্রলীগের নেতারা। সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন শতাধিক নেতাকর্মী।

এছাড়াও সমাবেশ থেকে মাদকমুক্ত ক্যাম্পাসের প্রশাসনিক নিশ্চয়তা, আবাসিক সঙ্কট নিরসনে বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্লান বাস্তবায়নের জন্য রোডম্যাপ প্রণয়ন, মেডিকেল সেন্টার আধুনিকায়ন ও কোভিড-১৯ চিকিৎসার সুব্যবস্থার দাবি জানানো হয়।

সমাবেশে ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, করোনার কারণে দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা নানা রকম মানসিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক শিক্ষার্থী আত্মহত্যাও করেছে। দ্রুত সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা প্রদান করে হল খুলে দিন। সবাইকে সুন্দর একটি ক্যাম্পাস উপহার দিন। আপনাদের কারণে শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়েছে। ঢাবি কোনো মাদকসেবীদের, দুর্নীতিবাজদের আশ্রয়খানা হতে পারে না।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কমপ্লেক্স উন্নত করে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। পাবলিকসহ সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য বিমার আওতায় আনতে হবে।

আপনারা অভিভাবক সুলভ আচরণ করতে ব্যর্থ হয়েছেন উল্লেখ করে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীরা আবাসন এবং পরিবহন সুবিধা গ্রহণ করছে না। কিন্তু ভর্তি হতে এসে এসব ফি দিতে হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধিক্কার জানিয়ে বলতে চাই, আপনারা অভিভাবকসুলভ আচরণ করতে ব্যর্থ হয়েছেন।

তিনি আরও বলেন, আপনাদের শিক্ষার্থীবান্ধব যে ভূমিকা, সে ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। আমাদের প্রত্যাশা থাকবে অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন ফি প্রত্যাহার করবে। আর যদি প্রশাসন ফি প্রত্যাহার না করে আমরা মনে করব বিশ্ববিদ্যালয় প্রশাসনের নৈতিকতা ভুল পথে চলে গেছে।

প্রশাসনের সমন্বয়হীনতার কারণে শিক্ষার্থীরা টিকা থেকে বঞ্চিত উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শিক্ষার্থীদের টিকার আওতায় আনার নির্দেশ দিয়েছেন। চীন থেকে যে টিকা এসেছে সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শৈথিল্যতার কারণে, সমন্বয়হীনতার কারণে মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা টিকা পেলেও ঢাবির শিক্ষার্থীরা টিকা পায়নি। সমাবেশ থেকে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে টিকার আওতায় নিয়ে আসার ব্যবস্থা করবেন।

সূত্র : ঢাকা পোস্ট
এন এইচ, ২১ জুন


Back to top button
🌐 Read in Your Language