টিকার দুই ডোজের মধ্যে ব্যবধান নিয়ে বিভ্রান্তি

কলকাতা, ০৮ জুন – করোনার (Corona) ভ্যাকসিনের (Vaccine) প্রথম ডোজ (Dose)নেওয়ার ঠিক কতদিনের মাথায় দ্বিতীয় ডোজ নেবেন? স্বাস্থ্যমন্ত্রকের ঘোষণাতেই এই নিয়ে চূড়ান্ত বিভ্রান্তি তৈরি হচ্ছে। শুরুতে বলা হচ্ছিল, টিকার প্রথম ডোজের ২৮ দিন পর নিতে হবে দ্বিতীয় ডোজ। পরে সেই দিন বেড়ে হল ৪২-৫৬। কখনও আবার ৮৪ দিন পর টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কথা বলা হচ্ছে। করোনার টিকাকরণ নিয়ে খোদ কেন্দ্রীয় সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থাগুলির বারংবার এই মত পরিবর্তনে বিভ্রান্ত জনগণ।
দেশজুড়ে চলছে করোনার টিকাকরণ। ইতিমধ্যেই দেশে ১৮ বছরের ঊর্ধ্বে টিকাকরণ (Vaccination) শুরু হয়েছে। তবে টিকার প্রথম ডোজ নেওয়ার ঠিক কতদিন পর দ্বিতীয় ডোজ নিতে হবে তা নিয়ে বিভ্রান্তি এড়ানো যাচ্ছে না। কেন্দ্রের বারবার মত বদলেই বিভ্রান্তি তৈরি হচ্ছে। বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস এব্যাপারে তাঁর মতামত জানিয়েছেন। চিকিৎসকের কথায়, ‘‘প্রথম ডোজের ১২ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেওয়া যায়। তবে বারবার সরকার এব্যাপারে তাঁদের মত বদল করছে। যার জেরে মানুষ অসহায় হয়ে পড়ছেন। বারবার সিদ্ধান্ত বদলালে মানুষ দোটানায় পড়ে যাবেন। টিকাকরণ নিয়ে সরকারের স্পষ্ট সিদ্ধান্তে আসা উচিত।’’
তিনি আরও বলেন, ‘‘কেউ কেউ ভাবছেন তাড়াতাড়ি টিকা নিলে বোধ হয় সুরক্ষিত থাকা যাবে। এটা কোনও ব্যক্তিগত চিকিৎসা নয়। এটা বুঝতে হবে। বারবার মত বদলালে চলবে না। এবার এব্যাপারে স্থায়ী কোনও সিদ্ধান্ত নিক সরকার। বাইরের গবেষণাতেও ১২ সপ্তাহের উল্লেখ রয়েছে। সেটাই যদি সিদ্ধান্ত হয়, তবে তাই হোক।’’
করোনার বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণই প্রধান অস্ত্র। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) টিকাকরণ (Vaccination) নিয়ে কেন্দ্রের নয়া নীতি কথা জানিয়েছিলেন। তবে কীভাবে টিকাকরণ হবে তা কেন্দ্রের তরফে পরে জানানো হবে বলেছিলেন। এবার সেই টিকাকরণ এবং টিকার বন্টন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কেন্দ্র।
টিকাকরণ নিয়ে নতুন নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের জনসংখ্যা (Population), আক্রান্তের সংখ্যা, টিকাকরণের গতির উপর নির্ভর করেই রাজ্যগুলো টিকা পাবে। গাইডলাইনে ভ্যাকসিন নষ্ট নিয়ে রাজ্যকে সতর্ক করা হয়েছে |ভ্যাকসিনের অপচয় হলে বরাদ্দকৃত ভ্যাকসিনের উপর প্রভাব পড়বে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণার একদিন পরই সংশোধিত নির্দেশিকা জারি করা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে, ২১ জুন থেকে সমস্ত রাজ্যের সমস্ত প্রাপ্তবয়স্কদের জন্য কেন্দ্রীয় সরকার বিনামূল্যে করোনার ভ্যাকসিন সরবরাহ করবে।
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর
এম ইউ/ ০৮ জুন ২০২১







