সংগীত

অরিজিতের ফেসবুক কনসার্ট থেকে উঠলো ৭৮ লাখ টাকা

মুম্বাই, ০৭ জুন – পশ্চিমবঙ্গের ছেলে অরিজিৎ সিং। তবে পুরো ভারত বর্ষেই এখন তিনি জনপ্রিয়। সম্প্রতি এই গায়ক তার মাকে হারিয়েছেন। করোনা আক্রান্ত হয়েছিলেন তার মা। সেরে উঠলেও কয়েক দিনের মধ্যেই মারা যান তিনি। মাকে হারানোর যন্ত্রণা বুকে নিয়েই নিজ গ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছেন অসংখ্য জনপ্রিয় গানের এই শিল্পী।

করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গের সব জায়গাতেই অক্সিজেনের ঘাটতি। অক্সিজেন না পেয়ে বহু মানুষ মারা যাচ্ছেন। হাসপাতালে গিয়েও মিলছে না অক্সিজেন। করোনা রোগীদের কথা মাথায় রেখে এগিয়ে এসেছেন অরিজিৎ।

নিজ এলাকা মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তরকে পাঁচটি হাই ফ্লো নেজাল অক্সিজেন থেরাপি মেশিন দিয়ে সাহায্য করেছেন তিনি। কিন্তু নিজ গ্রামের মানুষের জন্য আরও কিছু করতে চাওয়ার তাগিদ থেকেই অনলাইন কনসার্ট করেন এই গায়ক। আর সেখান থেকেই অভাবনীয় সাড়া পেলেন তিনি।

গিভ ইন্ডিয়ার সহযোগে রবিবার (৬ জুন) রাত ৮টায় অরিজিৎ ফেসবুকে একটি অনলাইন কনসার্ট করেন। গিভ ইন্ডিয়ার দেওয়া তথ্য অনুযায়ি, অনলাইন কনসার্ট থেকে সোমবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৭৭ লক্ষ ৬৮ হাজার ৪১ টাকা উঠেছে।

প্রায় দুই ঘন্টা ব্যাপী অরিজিতের এই কনসার্টটি এখন পর্যন্ত ফেসবুকে দেখেছেন ১৫ লাখ মানুষ। এরমধ্যে সাড়ে তিন হাজার মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

অরিজিৎ আগেই জানিয়েছিলেন যে, কনসার্ট থেকে উঠে আসা সম্পূর্ণ অর্থ অনুদান করবেন গ্রামের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন খাতে। এই অনলাইন অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থের সাহায্যে গ্রামের হাসপাতালগুলির জন্য এমআরআই, সিটি স্ক্যান-এর মতো বিভিন্ন পরীক্ষার যন্ত্রপাতি কেনা হবে।

এন এইচ, ০৭ জুন


Back to top button
🌐 Read in Your Language